বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও বিষাক্ত মদপানে দুজনের মৃত্যু
মানিকগঞ্জের ঘিওর উপজেলার মির্জাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গত বুধবার রাতে সুবীর সেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রতিমা বিসর্জনের সময় এ দুর্ঘটনা ঘটে। সুবীর ওই গ্রামের অনাথ বন্ধু সেনের ছেলে। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে শিবালয় উপজেলার ছোট আনুলিয়া গ্রামে বিষাক্ত মদপানে রমেন কর্মকার (৩৫) নামের অপর এক যুবক মারা যান। তিনি ওই গ্রামের নারু কর্মকারের ছেলে। ঘিওর থানা ও স্থানীয় সূত্রমতে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঘিওর উপজেলার মির্জাপুর গ্রামের দুর্গামন্দির থেকে প্রতিমা বিসর্জনের জন্য পাশের কালীগঙ্গা নদীতে নিয়ে যাওয়া হয়। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান সুবীর। এ সময় একই গ্রামের চন্দ্র হালদার (২০), পলাশ রাজবংশী (২৫), সজীব রাজবংশী (১৯) ও আশু রাজবংশী (৩০) তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। সুবীর মারা যান। অন্যদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল-ইসলাম বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে শিবালয় থানা ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে রমেন কর্মকার দেশীয় মদ পান করেন। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তিনি মারা যান। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।