বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু, আহত ২
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে আরও দুই ছাত্রী আহত হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছাত্রীর নাম রুবিনা আক্তার (১৭)। সে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের ধলাপাতা গ্রামের কেরামত আলীর মেয়ে।
আহতরা হলো শাহীনুর বেগম (১৬) ও পাপিয়া আক্তার (১৭)। তারা ধলাপাতা গ্রামের বাসিন্দা। তারা হোসেনপুর আদর্শ মহিলা কলেজের ছাত্রী। হোসেনপুর পৌর এলাকার একটি ভাড়া বাসায় থেকে তারা লেখাপড়া করত। তাদের এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুবিনা, শাহিনুর ও পাপিয়া গত রোববার সন্ধ্যায় তাদের ভাড়া বাসার পাশের মোক্তার মিয়ার দ্বিতল ভবনের ছাদে উঠে পায়চারি করছিল। এ সময় ছাদের কাছ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টেজের তারে জড়িয়ে পড়ে রুবিনা। এ সময় বাকি দুজন তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আটটার দিকে রুবিনা মারা যায়। বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।