বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল নয়টায় উপজেলার আশরাফপুর গ্রামে একটি ভবনের ছাদের ওপর বৈদ্যুতিক তারে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রের নাম হাসিবুল ইসলাম ওরফে শাওন (১৭)। সে মেহেরপুর শহরের কলেজপাড়ার বাসিন্দা আরিফুল ইসলামের ছেলে। সে মেহেরপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে আশরাফপুর ভুলুঘাটপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে হাসিবুল ইসলামের বাবার মালিকানাধীন কাশেম ডেকোরেশনের মালামাল ভাড়া নেওয়া হয়। আজ সকালে কর্মচারীদের সঙ্গে ডেকোরেশনের মালামাল ফেরত আনতে যায় হাসিবুল। অনুষ্ঠান প্রাঙ্গণের পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদের ওপর টাঙানো মাইক খুলছিলেন কর্মচারীরা। ওই সময় হাসিবুল অসাবধানতাবশত তার হাত ওপরের দিকে ওঠালে পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে কলেজছাত্রের মৃত্যুর খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি।’