বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ওই কিশোরীকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন তার ভাই শঙ্কর চন্দ্র দাস। গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোরীর নাম চিত্রা চন্দ্র দাস। এলাকাবাসীর অভিযোগ, গত এক মাসে একই স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে এ পর্যন্ত কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরও তারা এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি। নিহত কিশোরীর ভাই আহত শঙ্কর চন্দ্র দাস জানান, তাঁর বোন চিত্রা চন্দ্র দাসসহ তিনি কুমিল্লা থেকে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় খালার বাড়িতে বেড়াতে আসেন। রাতে তাঁর বোন চিত্রা বাড়ির পাশের একটি দোকান থেকে সওদা কিনতে গেলে বিদ্যুতের তার ছিঁড়ে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে আহত হন তিনি। পরে আশপাশের লোকজন গুরুতর অবস্থায় চিত্রাকে শহরের খানপুরে ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত চিত্রার বাবার নাম যোগেশ চন্দ্র দাস।