বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলায় গত বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। একইভাবে গতকাল বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ ও আদমদীঘিতে দুজন মারা গেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ঈশ্বরদী (পাবনা): পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈশ্বরদী শহরের সাঁড়াগোপালপুর এলাকার রমজান আলী (৩০) পেশায় রাজমিস্ত্রি। পারিবারিক বিষয় নিয়ে গত বুধবার রাতে মা লিলি বেগমের (৫০) সঙ্গে তাঁর ঝগড়া হয়। রাত ১২টার দিকে ক্ষোভে রমজান তাঁর ঘরের বিভিন্ন জিনিস ও আসবাব ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতরে থাকা বিদ্যুতের তার স্টিলের শোকেস ও আলনার সঙ্গে জড়িয়ে যায়। তখন তাতে জড়িয়ে রমজান বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলেকে বাঁচাতে ছুটে যান মা লিলি বেগম। তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ (বগুড়া): এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শিবগঞ্জ উপজেলার নাটমরিচাই গ্রামে একটি ভবন নির্মাণের কাজ করছিলেন শ্রমিক আশরাফুল ইসলাম (২৪)। সকাল ১০টার দিকে তিনি কর্মস্থলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। আশরাফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আশরাফুল ইসলাম পৌর এলাকার সুলতানপুর মহল্লার আসাব আলীর ছেলে।
আদমদীঘি (বগুড়া): গতকাল বিকেলে উপজেলার সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদামে (সিএসডি) বিদ্যুতের লাইন মেরামতের কাজ করছিলেন আবদুল গণি (৩৮)। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।