বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা-ভাগনেসহ তিন জেলায় চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার ফরিদপুর, ময়মনসিংহ ও জামালপুরে পৃথকভাবে মৃত্যুর এসব ঘটনা ঘটে। 

আমাদের প্র​তিনিধিদের পাঠানো খবর

ফরিদপুর : ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াস হাওলাদার জানান, বেলা সাড়ে তিনটার দিকে সরইবাড়ি গ্রামের সৈয়দ আলী তালুকদারের ছেলে আশরাফ তাঁর ভাগনে জিহাদকে নিয়ে খালে নৌকা চালাতে যায়। এ সময় বাঁশের লগি বিদ্যুতের তারে লেগে ছিঁড়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মামা-ভাগনের মৃত্যু হয়।

ময়মনসিংহ : ত্রিশাল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মারা গেছেন বাবা মোস্তফা কামাল (৭০)। এ ঘটনায় আহত ছেলে কবীর হোসেনকে (৩০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা উপজেলার সতেপাড়া গ্রামের বাসিন্দা।
ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজেদের জমিতে ধানের বীজ বপন করছিলেন মোস্তফা কামাল ও তাঁর ছেলে কবীর হোসেন। এ সময় জমির ওপর দিয়ে বাঁশের খুঁটিতে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হন কবির হোসেন। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মোস্তফা কামালের মৃত্যু হয়।

জামালপুর: সরিষাবাড়ী উপজেলার পোঘলদিগা ইউনিয়নের রুদ্রবয়ড়া গ্রামের মুন্না মিয়ার ছেলে হুমায়ুন কবির (৯) সবার অজান্তে রান্না ঘরে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।