বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রলারের ৩ যাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রলারের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয় যাত্রী। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় এলংজরী ইউনিয়নের নুরপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মালেক মিয়া জানান, প্রায় ৫০-৬০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ইটনা থেকে চারিগ্রাম যাওয়ার পথে হাওরে ঝুলন্ত বিদ্যুতের তারে ট্রলারটি লেগে যায়। এ সময় ট্রলারের ছাউনির ওপর বসে থাকা নয় যাত্রী বিদ্যুৎ​স্পৃষ্ট হন। এর মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যান। আহত যাত্রীদের ইটনা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মামুদপুর গ্রামের আফাজ উদ্দিন (৫৪), একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের আবদুর রহিম (৫৪) ও চকেশ্বর গ্রামের সজীব মিয়া (২৮)।
আহত ব্যক্তিরা হলেন হীরা মিয়া (৩৫), নুরুল ইসলাম (৪৫), মামুদ মিয়া (৩৭), রতন মিয়া, (২৫) ফুল মিয়া (৫০) ও নান্নু মিয়া (৪৮)। তাঁরা সবাই ইটনার বিভিন্ন গ্রামের বাসিন্দা। হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, আহত ব্যক্তিদের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।