বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ডেসকোর দুই কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডেসকো) দুই কর্মীর মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ডেসকোর সহকারী লাইনম্যান আবু বকর সিদ্দিক (৩২) ও আল মামুন (২৩)।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, দুপুর ১২টার দিকে উত্তরা পশ্চিম থানার গাউসুল আজম সড়কের পাশে একটি বিদ্যুতের খুঁটিতে উঠে ডেসকোর চার কর্মী ১১ হাজার কেভির লাইন মেরামত করছিলেন। হঠাৎ লাইনম্যান আবু বকর, বৈদ্যুতিক মিস্ত্রি আল মামুন, আওলাদ হোসেন ও তৈয়ব আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হন। তাঁদের প্রথমে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় আবু বকর, আল মামুন ও ও আওলাদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক আবু বকর ও আল মামুনকে মৃত ঘোষণা করেন। আওলাদ হোসেন ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া তৈয়ব আলীকে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেসকোর প্রকৌশলী মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, কাজ করার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হলে চার কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হন।
আবু বকরের গ্রামের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দির বাউপাড়ায়। তাঁর বাবার নাম আলতাফ হোসেন। তিনি উত্তরার আজমপুরে থাকতেন। আল মামুনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আরেকজনের মৃত্যু: পুলিশ জানিয়েছে, গতকাল সকালে রাজধানীর কলাবাগানে একটি বহুতল ভবনের সপ্তম তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান বৈদ্যুতিক মিস্ত্রি নুরুল ইসলাম। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের কলাপুরে। বাবার নাম আবদুল হাই।