বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণ মারা গেছেন। বার্ষিক ওয়াজ মাহফিল শেষে গাছ থেকে মাইক নামাতে গিয়ে ওই তরুণ মারা যান। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাজিগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবক সোহেল শেখ (১৮) ফরিদপুর শহরের একটি সাউন্ড সিস্টেমের দোকানে মাইকম্যান হিসেবে কাজ করতেন। তাঁর বাড়ি পাশের আলিয়াবাদ ইউনিয়নের বিলমাহমুদপুরে নতুনডাঙ্গি গ্রামে।
হাজিগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, গতকাল রাতে ওই বাজারে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল উপলক্ষে বাজারের বিভিন্ন গাছে মাইক বাঁধা হয়। রাত ১২টার দিকে মাহফিল শেষ হয়। রাত আড়াইটার দিকে একটি বড় কড়ইগাছে বাঁধা মাইক খুলতে গাছে ওঠেন সোহেল। ওই গাছের মধ্য দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তার টানা ছিল। মাইক খুলে নামার সময় বিদ্যুতের তারে সোহেলের ছোঁয়া লাগে। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
হাজিগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল গাছেই ঝুলে ছিলেন। এলাকাবাসী তাঁকে নামাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের দল। পরে পল্লী বিদ্যুতের সংযোগ বন্ধ করে সোহেলের লাশ গাছ থেকে নামানো হয়।
চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।