বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
দিনাজপুরে পুকুর সেচতে গিয়ে বিদ্যুৎ-চালিত শ্যালো ইঞ্জিনের তারে জড়িয়ে তিনজন প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার শশড়া ইউনিয়নের খোদমাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন গ্রামের মজিবর রহমানের ছেলে সাব্বির হোসেন (১৮), প্রতিবেশী মোসাদ্দেক হোসেন (৪৫) ও মফিজুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (১৮)। এ ঘটনায় গুরুতর আহত মফিজুল হককে (৫০) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতিবেশী তিন-চারজন জানান, সাব্বির হোসেন তাঁদের পুকুরে পোনামাছ ছাড়ার জন্য বিদ্যুৎ-চালিত শ্যালো ইঞ্জিন দিয়ে পানি সেচে ফেলতে যান। শ্যালো ইঞ্জিনে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার পর স্যাঁতসেঁতে মাটির সঙ্গে লেগে সেটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় সাব্বির হোসেন ইঞ্জিনটি ধরামাত্র বিদ্যুতায়িত হয়ে মারা যান। তাঁকে বাঁচাতে গিয়ে প্রথমে প্রতিবেশী মোসাদ্দেক ও পরে সাদেকুল ইসলাম বিদ্যুতের সংস্পর্শে প্রাণ হারান। সব শেষে মফিজুল হক গুরুতর আহত হন।
কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।