বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আমলাতলি গ্রামে গতকাল মঙ্গলবার বিদ্যুতের তারে জড়িয়ে দুই যুবক প্রাণ হারিয়েছেন। একই দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার নাজিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

নালিতাবাড়ীতে প্রাণহানির শিকার দুজন হলেন আনিছুর রহমান (২৩) ও শফিকুল ইসলাম (২৫)। তাঁদের বাড়ি আমলাতলি গ্রামে। মির্জাপুরে মৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৮)। তাঁর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ধলিপাড়া গ্রামে।

নালিতাবাড়ী থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গ্রামের ধানখেতের মধ্যে থাকা বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে খেত-সংলগ্ন সড়কের ওপর পড়ে ছিল। বেলা সাড়ে তিনটার দিকে ওই সড়ক দিয়ে যাওয়ার পথে দুই যুবক তারে জড়িয়ে যান। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানার এসআই নজরুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মির্জাপুরের নাজিরপাড়া গ্রামের কয়েকজন জানান, বেলা সাড়ে তিনটার দিকে রফিকুল ইসলাম নাজিরপাড়া গ্রামের আবদুল মালেক নামের একজনের বাড়িতে নির্মাণাধীন ভবনের কাজ করছিলেন। ছাদে রড বিছানোর সময় ওপর দিয়ে টাঙানো বিদ্যুতের তারের সঙ্গে রড লেগে তিনি বিদ্যুস্পৃষ্ঠ হয়ে মারা যান।