বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোপালগঞ্জে দুজন এবং যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় একজনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন—যূথি ঘোষ (৩৫), নুরু মোল্লা (৩০) ও আবদুল কুদ্দুস (২৮)।গতকাল শনিবার সকাল ছয়টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি স্কুলের কাছে বাঁওড়ে পানিতে ভেজানো পাট তুলতে গিয়ে কৃষক নুরু মোল্লা বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান। এই স্থানে সঞ্চালন লাইনের একটি তার ছিঁড়ে পানির মধ্যে পড়েছিল। শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ শহরসংলগ্ন ঘোষেরচর গ্রামের গৃহবধূ যূথি ঘোষ বাড়ির উঠানের কাপড় শুকানোর জিআই তার থেকে কাপড় আনার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান। তাঁকে উদ্ধার করতে গেলে অচর্না গোলদার (২৫) নামের আরেক গৃহবধূ আহত হন। শুক্রবার বিকেলে নওয়াপাড়া-মনিরামপুর সড়কের বৈদ্যুতিক লাইনের তার ঘেঁষে নির্মিত শহীদুল হকের বাড়ির তিন তলার দেয়াল নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক আবদুল কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান।