বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতিসহ তিনজনের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নওগাঁর বদলগাছিতে স্বামী-স্ত্রী এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বদলগাছি উপজেলার উত্তর চাঁপাডাল গ্রামের মারা যাওয়া ওই দম্পতি হলেন ইনছেন আলী (৬০) ও তাঁর স্ত্রী রিনা আকতার (৪৮)। আর বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া হাটে মারা যাওয়া শ্রমিকের নাম আবদুল্লাহ (২০)।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম খান বলেন, উত্তর চাঁপাডাল গ্রামের স্বামী-স্ত্রী দুজনেই নিজেদের মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। নিহত দম্পতি ছাড়া অন্য কেউ সেখানে থাকেন না বলে গতকাল শুক্রবার দুপুরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে গতকাল বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া আবদুল্লাহ পাবনার ভাঙ্গুড়া উপজেলার মহিষবাথান গ্রামের ফজল মিয়ার ছেলে। তিনি মৌখাড়া হাটের বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক বলেন, গতকাল বেলা একটার দিকে আবদুল্লাহ ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।