বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বড়খেড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে (বড়খেড়ি মীর বাড়িতে) এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই ভাই হলো মো. সুমন (১৬) ও মো. নাহিদ (১৪)। নাহিদ বড়খেড়ি গ্রামের মীর বাড়ির মো. ইব্রহিমের ছেলে। আর সুমন একই বাড়ির মো. সেলিমের ছেলে। তারা চাচাতো ভাই। নাহিদ স্থানীয় পল্লীমঙ্গল উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ও সুমন একই বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
বড়খেড়ি ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মিজানুর রহমান দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে বসতঘরের টিনের চালের নালা (ড্রেন) পরিষ্কার করতে গিয়ে সুমন বিদ্যুৎস্পৃষ্ট হয়। ওই সময় তাকে উদ্ধার করতে গিয়ে চাচাতো ভাই নাহিদও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় দুই ভাইকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির রামগতি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু বক্কর সিদ্দীক বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে ত্রুটির কারণে ঘরের টিনের চালা বিদ্যুতায়িত ছিল। বিদ্যুতায়িত ওই টিনের চালায় ওঠার কারণে দুই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, দুই কিশোরের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন। এ ব্যাপারে তাঁরা কোনো অভিযোগ করেননি থানায়।