বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় গতকাল মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিলা আক্তার (৯) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গত সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ হাসান (১৫) নামের এক স্কুলছাত্র মারা গেছে।
কিশোরগঞ্জে মারা যাওয়া শিলা আক্তার পাকুন্দিয়া উপজেলার আশুতিয়া ইউনিয়নের বাসিন্দা ওমর ফারুকের মেয়ে। অপরদিকে সোহাগ হাসান দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের আবুল কালামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১ টার দিকে শিলা বাসার ছাদে উঠে খেলছিল। খেলতে খেলতে সে ছাদের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার ধরে ফেলে। বাড়ির লোকজন তাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শিলা কিশোরগঞ্জ শহরের লাইসিয়াম কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই গ্রামের সোহাগ হাসানের মা নাছিমা বেগম জানান, গত রোববার সন্ধ্যা সাতটায় কালবৈশাখীতে বসতঘরের পাশের বিদ্যুতের খুঁটির প্রধান লাইনের তার ছিঁড়ে তাঁদের বসতঘরের টিনের চালার ওপরে পড়ে। বিষয়টি কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)-৩-এর সদর দপ্তর দাউদকান্দির গৌরীপুর কার্যালয়ে কয়েকবার জানানো হয়। মেরামতের কাজ চলাকালীন গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিদ্যুতের লাইন পরীক্ষা করতে গিয়ে তাঁদের বসতঘর বিদ্যুতায়িত হয়ে যায়। জীবন বাঁচাতে ঘর থেকে দৌড়ে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ মারা যায়। খবর পেয়ে পবিসের লাইনম্যান এসে প্রধান লাইনের ছেঁড়া তার খুঁটি থেকে কেটে দিয়ে যান। লাইনম্যান বেলাল হোসেন খুঁটি থেকে তার কাটার সত্যতা নিশ্চিত করেছেন। সোহাগ হাসান উপজেলার গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল।