বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু ও এক কিশোরের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবি ও সিরাজগঞ্জের এনায়েতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু ও এক কিশোর মারা গেছে। তারা হলো পাঁচবিবিতে মাহিম আলম (১০) ও সোহাগ হোসেন (৮) এবং এনায়েতপুরে বরকত আলী (১৪)।
পাঁচবিবির মোহাম্মদপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের মাহিম পড়ত পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে এবং সোহাগ সোনাপাড়ার স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে।
পাঁচবিবি থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সোনাপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে নতুন বিদ্যুৎ-সংযোগ দিতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়পুরহাট-১ আসনের (সদর ও পাঁচবিবি) সাংসদ সামছুল আলমের এ বিদ্যুৎ-সংযোগ উদ্বোধন করার কথা। এ জন্য তৈরি করা মঞ্চে জেনারেটর তুলে তাতে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। পরে জেনারেটরটি চালু রেখেই ডেকোরেটর কর্মচারী ও আয়োজকেরা জুমার নামাজ পড়তে যান।
জেনারেটরের বিদ্যুতের তার থেকে মঞ্চের লোহার পায়া ও ফ্রেম বিদ্যুতায়িত হয়। এদিকে মঞ্চের নিচে লুকোচুরি খেলছিল মাহিম ও সোহাগ। অনেকক্ষণ তারা মঞ্চের নিচ থেকে বের না হওয়ায় আরেকটি শিশু দেখল তারা ডেকোরেটরের লোহার পায়া ধরে কাঁপছে। ওই শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে বিদ্যুতায়িত দুই শিশুকে উদ্ধার করে পাঁচবিবি মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাংসদ মুঠোফোনে বলেন, তিনি নামাজ পড়ে খাওয়াদাওয়া শেষে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করার কথা ছিল। কিন্তু এর আগেই দুঃখজনক ঘটনাটি ঘটল। এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা হবে। গতকাল গ্রামের ৭০টি পরিবারে নতুন বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা ছিল।
সোনাপাড়া গ্রামের বাসিন্দা ও পিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজার রহমান মুঠোফোনে বলেন, মাহিম তাঁর ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, শিশু দুটির মৃত্যুর পর বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে এনায়েতপুর থানার খুকনী ইউনিয়নের বামন গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বরকত আলী (১৪)। সে গ্রামেরমৃত আবদুল হাইয়ের ছেলে এবং এনায়েতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
থানার পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বরকত বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। এ সময় পুকুরে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে দ্রুত উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের চিকিৎসক অমিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই রোগী মারা গিয়েছিল।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল হাসান বিশ্বাস বলেন, অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।