বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে গতকাল রোববার বিকেলে বিদ্যুতের ধাতব খুঁটি পোঁতার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এদিকে গতকাল রাতে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানসংলগ্ন ডোবা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩০) বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ব্যক্তিরা হলেন জাকির পাটোয়ারী (৪০) ও জাকির মাঝি (৫৫)। জাকির পাটোয়ারী রিকশাচালক আর জাকির মাঝি একটি রঙের দোকানে কাজ করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে সাতমসজিদ হাউজিংয়ের পশ্চিম বাঁশবাড়ী এলাকায় ৩০ ফুট লম্বা লোহার খুঁটি (পিলার) পুঁতছিলেন ওই দুজন। এ সময় খুঁটির এক মাথা হেলে ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়লে তাঁরা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।এলাকাবাসী জানান, জাকির মাঝি যে দোকানে কাজ করেন, এর মালিকের নাম ইকবাল হোসেন। ইকবাল হোসেনের সাততলা বাড়ির ওপরে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের একটি টাওয়ার বসানো হয়েছে। সেই টাওয়ারের বিদ্যুতের সংযোগের জন্য বাড়ির সামনে খুঁটি পোঁতা হচ্ছিল।জাকির পাটোয়ারীর স্ত্রী আকলিমা বেগম বলেন, তাঁর স্বামী রিকশাচালক। বিকেলের দিকে তাঁকে জাকির মাঝি খুঁটি পোঁতার জন্য ডেকে আনেন।মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, নিহত দুজনই শ্রমিক ছিলেন।জাকির পাটোয়ারী দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে বেড়িবাঁধের সাতমসজিদ হাউজিংয়ে থাকতেন। আর জাকির মাঝি চার ছেলে ও স্ত্রীকে নিয়ে থাকতেন বসিলা রোডে।বস্তাবন্দী লাশ: গতকাল রাতে রাজধানীর দারুসসালাম থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের পাশের এক ডোবা থেকে বস্তাবন্দী একটি লাশ উদ্ধার করা হয়েছে।দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, লাশটি ১০-১২ দিন আগের বলে মনে হচ্ছে। পরনে শুধু একটি লুঙ্গি ছিল। মাথায় বড় চুল, মুখে খোঁচা খোঁচা দাড়ি ছিল। এলাকার লোকজন লাশটি শনাক্ত করতে পারেনি।