বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
সিরাজগঞ্জে তাড়াশ উপজেলার থানাপাড়া গ্রামে রোববার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেচযন্ত্রের মালিকসহ দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সেচযন্ত্রের মালিক মাজেদ মিয়া (৫০) ও তাঁর ভাতিজা মো. শাহাদৎ হোসেন (৩০)।এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহাদৎ হোসেন রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পাশে মাজেদের নিজস্ব বৈদ্যুতিক সেচযন্ত্রের ঘর দেখাশোনা করার জন্য যান। এ সময় আকস্মিকভাবে সেচযন্ত্রের বৈদ্যুতিক মোটরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে বৈদ্যুতিক সুইচটি বন্ধ করার সময় তিনি বিদ্যুতায়িত হন। তাঁর চিৎকার শুনে চাচা মাজেদ মিয়া তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এতে মাজেদ ঘটনাস্থলেই এবং শাহাদৎ তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সেচযন্ত্রটি সারা দিন চালু রাখায় অত্যধিক গরমে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, এ সময় বৈদ্যুতিক তারগুলো পুড়ে গিয়ে সবাই বিদ্যুতায়িত হয়ে পড়েন।