বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে গতকাল বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এক কনস্টেবল মারা গেছেন। এদিকে গত মঙ্গলবার লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে নিহত পুলিশ কনস্টেবল মহিউদ্দিনের (৩০) বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মৌলভীবাজারে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, সকাল সাড়ে ১০টার দিকে মহিউদ্দিন পুলিশ লাইনে গোসল করেন। এরপর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, কক্সবাজার সদর হাসপাতালের মর্গে মহিউদ্দিনের লাশের ময়নাতদন্ত হয়েছে। বিকেলে পুলিশ লাইনে জানাজা শেষে তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে লক্ষ্মীপুরের রামগতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীরব হোসেন নামের এক কলেজছাত্র মারা গেছে। স্থানীয় সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে বাসের ছাদে করে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চর আলেকজান্ডার-সোনাপুর সড়কের পাটারিপাড়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সঙ্গে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

নীরবের বড় ভাই মিজানুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।