বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু, আহত ১
রাজধানীর তুরাগে গতকাল শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরেকজন। তিনজনই ভবনে রং করার কাজ করতেন। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
মারা যাওয়া দুজন হলেন আবদুল হালিম (৪০) ও বুলেট (২৬)। হালিম তুরাগ এলাকায় বিভিন্ন ভবন রং করার কাজের ঠিকাদারি করতেন। আর তাঁর অধীনে কাজ করতেন বুলেট ও আহত কাজল (২৫)।
তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, কয়েক দিন আগে তাঁরা ইস্টওয়েস্ট মেডিকেলে রঙের কাজ করেছিলেন। কাজ শেষে একটি লোহার মই মেডিকেলের পাশের পেট্রলপাম্পে রেখে যান। গতকাল সকাল সোয়া আটটায় তিনজনই মইটি আনতে যান। মই সরিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের ১১ হাজার কেভির বিদ্যুৎ লাইনে মইটি লেগে যায়। সঙ্গে সঙ্গে তাঁরা ৩ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই আবদুল হালিমের মৃত্যু হয়। বুলেট ও কাজলকে ইস্টওয়েস্ট মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বুলেটকে মৃত ঘোষণা করেন। আর কাজলের অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।