বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল নামের নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ছয় শ্রমিক। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে নগরের বিপণিবিতান বি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন মো. জসিম, আমেনা খাতুন, মনি বেগম, বিলকিস বেগম, মো. জাহাঙ্গীর ও আবদুস সাত্তার। মনি বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অন্যদের হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনায় পারুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম।
দুর্ঘটনায় আহত মো. জসিম বলেন, ‘আমরা ১৫ শ্রমিক বিপণিবিতানের নালা নির্মাণের জন্য মাটি কাটার কাজ করছিলাম। ওই সময় ওপর থেকে হঠাৎ করে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। আল্লাহর দোয়ায় কোনো রকমে রক্ষা পেয়েছি।’
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চউকের নির্বাহী প্রকৌশলী ও বিপণিবিতান বি-ব্লকের নির্মাণকাজের প্রকল্প পরিচালক আহম্মদ মইনুদ্দিন।
কোতোয়ালি থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, শ্রমিকেরা নির্মাণকাজ করার সময় ওপর থেকে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। গুরুতর আহতাবস্থায় সাত শ্রমিককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়।