বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর ও সাতকানিয়ায় পৃথক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন একজন। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

পিরোজপুরের কাউখালী মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের নির্মাণকাজ করার সময় আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুর রহিম (৪৫) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁকে উদ্ধার করতে গিয়ে আসমান আলী (২৫) নামের আরেক নির্মাণশ্রমিক দগ্ধ হয়েছেন।

নিহত আবদুর রহিম পিরোজপুর পৌরসভার মাছিমপুর মহল্লার আবদুর রবের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কাউখালী মহাবিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবনের নির্মাণকাজ করছিলেন শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টার দিকে নিচ থেকে জিআই পাইপ চারতলায় ওঠানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে একটি পাইপ লেগে গেলে আবদুর রহিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁকে উদ্ধার করতে গিয়ে আসমান আলী অগ্নিদগ্ধ হন। স্থানীয় লোকজন আসমান আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় বিদ্যুৎ লাইনের তার থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আবদুস সাত্তারের বসতঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ছিদ্দিকুর রহমান বলেন, আসমান আলীর দুই হাত পুড়ে গেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহত আবদুর রহিমের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদুল আলম ওরফে ইরফান (১৭) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। খোরশেদুল আলম বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের সাতঘরপাড়া এলাকার সামশুল আলমের ছেলে। আজ সকাল ১০টার দিকে উপজেলার কেরানীহাটে নির্মাণাধীন একটি ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদুল কেরানীহাটের নিউমার্কেট বি ব্লকের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। সকাল ১০টার দিকে নির্মাণাধীন মনির টাওয়ার ও তাজনোভা ওশান সিটির ছাদে বিকট শব্দ শোনা যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা গিয়ে দেখেন, একটি ভবনের ছাদে খোরশেদুলের পোড়া লাশ পড়ে আছে। মনির টাওয়ার ও তাজনোভা ওশান সিটির ছাদের কয়েক ফুট উঁচুতে বিদ্যুৎ বিভাগের ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইন টাঙানো ছিল। ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই খোরশেদুলের মৃত্যু হয়।

সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, খোরশেদুল আলমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের নিচে কীভাবে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে, তা তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।