বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরীক্ষার্থীর মৃত্যু
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান ওরফে জুয়েল (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর গৌরকাটা গ্রামে এ ঘটনা ঘটে।কামরুল হাসান ওই গ্রামের আলী আকবরের ছেলে। তিনি এ বছর ঢাকা বোর্ডের অধীন ঢাকা পাবলিক কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে কামরুল হাসান তাঁদের ঘরের পাশে কাজ করার সময় ওই স্থান দিয়ে যাওয়া বিদ্যুতের একটি তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান আলী পিপিএম। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনার খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।