বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রহরীর মৃত্যু প্রতিবাদে অবরোধ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ শহরে বিচারকদের বাসভবন চত্বরের গাছ থেকে শজনে পাড়ার সময় গতকাল শুক্রবার এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ ও বিচারকদের বাসভবনের প্রধান ফটক ভাঙচুর করেছেন। এ সময় পুলিশের এক সদস্য আহত হন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ওই নৈশপ্রহরীর নাম আক্কাচ আলী (৫০)। তিনি সদর উপজেলার গয়েশপুর গ্রামের মৃত সামের আলীর ছেলে এবং শহরের বাজারপাড়ার নৈশপ্রহরী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কাচ আলী গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শহরের কেসি কলেজের সামনে বিচারিক হাকিমদের বাসভবন চত্বরের একটি শজনেগাছে ওঠেন শজনে পাড়তে।
এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি মারা যান। এই সময় মরদেহ গাছে ঝুলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১০টার দিকে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয় লোকজন জানান, ওই এলাকার কয়েকজন ডেকে এনে শজনে পাড়তে গাছে ওঠালে আক্কাচ আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ কারণে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
একপর্যায়ে তাঁরা বিচারকদের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এক পর্যায়ে তাঁরা প্রধান ফটক ভাঙচুর করেন। বাধা দিতে গেলে তাঁদের ইটের আঘাতে সদর থানার উপপরিদর্শক সালাউদ্দিন (৩৮) আহত হন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বেলা ১১টার দিকে সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়ে অবরোধ তুলে নেন।
আক্কাচ আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।