বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের প্রাণহানি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে গতকাল বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর গ্রামের মো. নাছির ভূঁইয়া (৩৭) ও তাঁর মেয়ে নাদিয়া আক্তার (৬)। এলাকাবাসী ও মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের সফু মিয়ার ঘর থেকে লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনসহ কয়েকটি ঘরে বিদ্যুৎসংযোগ দেওয়া হয়েছে। এ লাইনের তার ছিঁড়ে লক্ষ্মীপুর গ্রামের জমিতে পড়ে ছিল। নাছির ভূঁইয়া কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। গতকাল সকালে তিনি মেয়ে নাদিয়াকে নিয়ে ইরি ধানের জমি দেখতে যাচ্ছিলেন। বাড়ি থেকে সামান্য দূরে গেলেই তাঁরা মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যান। স্থানীয় লোকজন আহত বাবা ও মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এখানে কর্তব্যরত চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, যেহেতু কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাই লাশ দুটি দাফন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ বি মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, একটি মিটার থেকে অন্য মিটারে বিদ্যুৎসংযোগ দেওয়ার কোনো আইনি বৈধতা নেই। অবৈধ সংযোগের তারে জড়িয়ে কেউ মারা গেলে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।