বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আদাবাড়িয়া ইউনিয়নের মশাউড়া গ্রামে গত শনিবার রাতে ওই ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন কৃষক নিয়ামত মালিথা (৫০) ও তাঁর ছেলে সোহান (৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামত ও সোহান রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে মাঠে সেচকাজে ব্যবহৃত ব্যক্তিগত বৈদ্যুতিক মোটর পাম্পটি পাহারা দিতে যান। বিদ্যুৎ না থাকায় তাঁরা সেচযন্ত্র রাখা ঘরটিতে তালা মেরে ভেতরে ঘুমিয়ে পড়েন। রাতে বিদ্যুৎ এলে যন্ত্রের বৈদ্যুতিক সুইচ বিস্ফোরিত হয়। এ সময় বাবা ও ছেলে তালা খোলার চেষ্টা করলে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অন্য কৃষকেরা জানতে পেরে ঘরের ভেতর থেকে বাবা ও ছেলের পুড়ে যাওয়া দেহ উদ্ধার করেন। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের লাশ উদ্ধার করে।
মথুরাপুর পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ লাইন বিস্ফোরিত হয়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতেই বাবা ও ছেলে পুড়ে মারা যান।