বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় বিলের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন- ভাদারটেক গ্রামের আবদুস সাত্তার (৫০) ও তাঁর ছেলে দশম শ্রেণির ছাত্র রমজান মিয়া (১৫)।
নিহত ব্যক্তিদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় হালুয়ারঘাটের পাশের বিলে মাছ ধরতে যায় বাবা-ছেলে। সেই মাছ বাজারে বিক্রি করে বাবা ও ছেলে একটি ছোট নৌকায় করে বাড়ি ফিরছিলেন। বিলের মাঝে একটি বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় পানির সামান্য ওপরে ঝুলে থাকা তারে নৌকাটি আটকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনই বিলের পানিতে পড়ে যান। স্থানীয় লোকজন খবর পেয়ে সেখানে গিয়ে রাতভর তাদের খোঁজাখুঁজি করেও পায়নি। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে বিদ্যুতের ওই খুঁটির পাশে বাবা ও ছেলের লাশ ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সুরমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুস ছাত্তার বলেন, ছয় মাস ধরে বিদ্যুতের ওই খুঁটিটি একদিকে হেলে পড়ে আছে। বিদ্যুতের তার পানির কাছাকাছি থাকায় দুর্ঘটনার আশঙ্কায় কয়েকবার পল্লীবিদ্যুতের লোকজনকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।