বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. আরিফুল ইসলাম (২৩) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শুক্রবার রাতে তাঁর বাড়ি মিরসরাই উপজেলার সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, গড়িয়াইশ গ্রামের সৌদি আরব প্রবাসী মমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম ওই দিন রাতে মাল্টিপ্লাগের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাঁর কক্ষে লাশ দেখতে পান। এ সময় তাঁর হাতে মাল্টিপ্লাগের তার জড়ানো ছিল। এলাকার অনেকে আরিফুলের মৃত্যুকে আত্মহত্যা বললেও তাঁর পরিবার এ অভিযোগ অস্বীকার করেছে।আরিফুলের চাচা নূর হোসেন প্রথম আলোকে জানান, তাঁরা দুই ভাই-বোন। বাবা প্রবাসী। বিশ্ববিদ্যালয়ের পড়ার খরচ দেওয়া নিয়ে কিছুদিন ধরে তাঁর বাবার সঙ্গে মনোমালিন্য হচ্ছিল। সে কারণে বাবা তাঁর পড়ার খরচ বন্ধ করে দেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) আরিফুলের ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।