বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাগুরায় দুই ভাইয়ের মৃত্যু
মাগুরা সদর উপজেলার ঘোড়ানাছ দক্ষিণপাড়ায় গত শুক্রবার ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হোসেন মিয়া (৩৫) ও আবদুর রহিম (২২) নামের দুই সহোদরের মৃত্যু হয়েছে। তাঁরা ওই গ্রামের সোবহান মিয়ার ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘোড়ানাছ দক্ষিণপাড়া গ্রামের সোবহান মিয়ার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। পাশের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে কাজ চালাচ্ছিলেন তিনি। বিদ্যুতের তার ঘরের টিনের চালে ঘষা লেগে ছিঁড়ে যায়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যুৎ ছিল না। এ সময় হোসেন মিয়া তাঁর ছোট ভাই আবদুর রহিমকে সঙ্গে নিয়ে ছিঁড়ে যাওয়া তার জোড়া লাগাতে থাকেন। একপর্যায়ে বিদ্যুৎ চলে এলে তাঁরা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শব্দ শুনে তাঁদের বড় ভাই ইব্রাহিম মিয়া (৩৯) ও মা আয়েশা খাতুন (৫৫) বাঁচাতে এগিয়ে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন।এ সময় আশপাশের লোকজন এসে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তাঁদের উদ্ধার করেন। ততক্ষণে হোসেন মিয়া ও আবদুর রহিম মারা যান। আহত আয়েশা খাতুন ও ইব্রাহিম মিয়াকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।