বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হাসপাতালে গ্রামবাসীর হামলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় গ্রামবাসী। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এক ব্যক্তির মৃত ঘোষণা করা নিয়ে গ্রামবাসী এ হামলা চালায়। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চিতলিয়া বাড়ির বাসিন্দা শিশির রঞ্জন (৩০) টেলিভিশন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাঁকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নজরুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর লাশটি সৎকারের জন্য মন্দিরে নেওয়া হয়। একপর্যায়ে মরদেহটি নড়ে ওঠে। পুনরায় নিহতের স্বজন ও গ্রামবাসী লাশটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবারও তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর উত্তেজিত জনতা হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ করে চিকিৎসকদের মারতে উদ্যত হয়। এ সময় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, রোগীর মারা যাওয়ার পর অনেক সময় তার মাংসপেশি নড়েচড়ে উঠতে পারে। এ ধরনের কিছু হওয়ার পর রোগীর পরিবার ভেবে নিয়েছে রোগী বেঁচে আছে।