বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম সামিউল ইসলাম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি গাইবান্ধায়। বাবার নাম আবদুল মালেক সরকার।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি একরামুল হামিদ জানান, কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আগামীকাল শুক্রবার স্কুল পর্যায়ের একটি বিজ্ঞানবিষয়ক প্রতিযোগিতা ছিল। প্রতিযোগিতা উপলক্ষে বিভাগের কয়েকজন শিক্ষার্থী মিলনায়তন সাজানোর কাজ করছিলেন। সন্ধ্যার দিকে সামিউল একটি লোহার স্ট্যান্ড ধরেছিলেন। স্ট্যান্ডটি হঠাৎ করে একটি বিদ্যুতের প্লাগের সঙ্গে লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থী এটা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি জানান, সামিউলের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষ করে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।