বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অরূপ সূত্রধর ওরফে তনু (২৩) নামের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক ছাত্র মারা গেছেন। গত শনিবার রাত সাড়ে আটটায় বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিদাবাদকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। অরূপ সূত্রধর বড়লেখায় বন্ধুর বাড়ি বেড়াতে এসেছিলেন।
অরূপ সূত্রধর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) সমাজকর্ম শেষ বর্ষের ছাত্র এবং ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বেণু সূত্রধরের ছেলে। তাঁর মৃত্যুতে গতকাল বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সব ক্লাস বন্ধ করে তিন দিনের শোক ঘোষণা করা হয়। উপাচার্যসহ কয়েকজন শিক্ষক ও বিভিন্ন সংগঠন গভীর শোক প্রকাশ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অরূপ সূত্রধর বাসন্তী পূজা উপলক্ষে বন্ধু বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের মুর্শিদাবাদকুড়া গ্রামের সুধাময় দেবনাথ ওরফে শুভর বাড়িতে বেড়াতে এসেছিলেন। শনিবার রাতে এ এলাকায় বিদ্যুৎ ছিল না। বাড়িতে জেনারেটর চালানো হচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে অরূপ সূত্রধর বিদ্যুতায়িত জেনারেটরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। রাত সোয়া নয়টার দিকে তাঁকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতেই স্বজনেরা নবীগঞ্জে লাশ নিয়ে গেছেন।
উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের শোক: অরূপের অকালমৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আমিনুল হক ভূইয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক এবং প্রক্টর অধ্যাপক মো. রাশেদ তালুকদারসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক নিয়াজ আহম্মেদসহ ওই বিভাগের শিক্ষকেরা, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক নিয়াজ আহম্মেদ বলেন, অরূপের মৃত্যুর খবর জেনে দুপুরের পর বিভাগের সব ক্লাস স্থগিত করা হয়। বিভাগের পূর্বনির্ধারিত সাংস্কৃতিক সপ্তাহ স্থগিত করে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে।