বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়ায় মাহাদুল হক (১০) নামের এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। সে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পুটিমারী গ্রামের রিকশাচালক সাইফুল ইসলামের ছেলে। গতকাল বুধবার বেলা সোয়া ১১টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মাহাদুল হক একটি গাছে উঠে লাকড়ির জন্য মরা ডাল কাটার সময় পল্লী বিদ্যুতের প্রধান লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছাগলনাইয়া থানার ওসি মোয়াজ্জেম হোসেন এই মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।