বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, মুরগির খামারে অগ্নিসংযোগ
বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল শুক্রবার ভোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম হোসেন (৮) নামের এক স্কুলছাত্র মারা গেছে। নাঈম উপজেলা সদরের ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে ও ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
গ্রামের একটি মুরগির খামারের বিদ্যুতায়িত জালে জড়িয়ে নাঈম মারা যায়। এ ঘটনায় নিহত ছাত্রের পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে ওই খামারে আগুন লাগিয়ে দেন। এতে কয়েক হাজার মুরগিসহ দুটি ঘর (শেড) আংশিক পুড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে খামার মালিক পালিয়ে রয়েছেন।
এলাকার কয়েকজন জানান, উপজেলার ইসলামপুর গ্রামে একই এলাকার জিল্লুর রহমানের একটি মুরগির খামার রয়েছে। বন্য প্রাণীর অত্যাচার থেকে রক্ষা করার জন্য শেডের জালে বিদ্যুতের তারের সংযোগ দেওয়া ছিল। গতকাল ভোরে নাঈম ওই এলাকায় আম কুড়াতে গেলে ওই জালে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মুরগির খামারের মালিক জিল্লুর রহমান বলেন, ‘গ্রামের বসতি থেকে খামারটি দূরে। রাতে মুরগির শেডে বন্য প্রাণী আক্রমণ করে। তাই রাতে শেডের জালে বিদ্যুৎ-সংযোগ দেওয়া ছিল। খামারের চারদিকে বাঁশের বেড়া ছিল। শেডে আগুন লাগিয়ে দেওয়ায় কয়েক হাজার মুরগি ও আসবাব পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে এ খামার করেছি।’
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী গতকাল দুপুরে বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখনো থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি।