বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে এক স্কুলছাত্র। তার নাম আবদুল্লাহ। গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের ঝিলটুলী এলাকার চৌরঙ্গী জামে মসজিদের ছাদে এ ঘটনা ঘটে।
আবদুল্লাহ গোপালগঞ্জের মুকসুদপুরের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে। পরিবারটি শহরের ঝিলটুলী এলাকার কাঠপট্টি মহল্লায় একটি বাড়িতে ভাড়া থাকে। আবদুল্লাহ ফরিদপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে আবদুল্লাহ বন্ধুদের সঙ্গে তারাবি নামাজ পড়তে শহরের ঝিলটুলী এলাকার চৌরঙ্গী জামে মসজিদে যায়। নামাজ পড়া শেষে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে প্লাস্টিকের পাইপে মোড়ানো বিদ্যুতের তার ধরে। এতে সঙ্গে সঙ্গে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এলাকাবাসী আবদুল্লাহকে উদ্ধার করে পাশের হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী কর্মকর্তা আবদুল ওহাব বলেন, মসজিদের ছাদ ঘেঁষে দুটি বিদ্যুৎ ফিডারের ছয়টি তারের লাইন গেছে। এর মধ্যে দুটি উন্মুক্ত ও বাকি চারটি তার পাইপ মোড়ানো। পাইপ মোড়ানো তার স্পর্শ করায় এ দুর্ঘটনা ঘটেছে।
ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গা রানী সিকদার জানান, আবদুল্লাহ স্কুলের প্রভাতি শাখার একজন মেধাবী ছাত্র ছিল।