বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গতকাল বুধবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে এবং অপর একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মোশারেফ হোসেন (৩০) ও তাঁর স্ত্রী সেলিনা বেগম (২৫)। গুরুতর আহত সেলিনার ফুপু রাবেয়া বেগমকে (৪৮) ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত দম্পতির বাড়ি উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া গ্রামে। তাঁদের ছয় বছর বয়সী এক মেয়ে আছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতের ঝড়-বৃষ্টিতে মোশারেফ হোসেনের বাড়ির বিদ্যুতের লাইনটি খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে মোশারেফ ওই ছেঁড়া তার ধরলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রী সেলিনা তাঁকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। চিৎকার শুনে রাবেয়া তাঁদের উদ্ধারে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।