বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় খাসিরভিটা গ্রামে গত বুধবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পরিবারের সদস্যরা বলেন, দক্ষিণ শিংঝাড় খাসিরভিটা গ্রামের আজিজার রহমানের ছেলে সাইফুর রহমান (২৫) গত বুধবার রাত ১০টার দিকে বিদ্যুতের তার ঠিক করতে গেলে তাতে আটকে যান। তাঁর চিৎকারে স্ত্রী মমতাজ (২৩) বাঁচাতে এগিয়ে এসে নিজেও আটকে যান। এ সময় সাইফুরের মা ছবিরন (৪২) দৌড়ে গিয়ে তাঁদের শরীর স্পর্শ করলে তিনিও আটকে যান। এতে ঘটনাস্থলে মারা যান মা, ছেলে ও পুত্রবধূ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বারেক আলী বলেন, সাইফুরের আড়াই বছর বয়সের একটি মেয়ে রয়েছে। এ ছাড়া সুমন নামের এক বছর বয়সী একটি ভাই রয়েছে। বসতভিটার ৮ শতক জমি ছাড়া তাঁদের কোনো সম্বল নেই।

ভূরুঙ্গামারী পল্লী বিদ্যুৎ কার্যালয়ের এজিএম মো. খোরশেদ আলম বলেন, আজিজার রহমান পুরোনো বাড়ির পাশে নতুন বাড়ি করেন। নিয়মমাফিক আবেদন করলে কিছুদিন আগে সংযোগ দেওয়া হয়। গত বুধবার ঝড় ও বৃষ্টির কারণে মাটিতে পানি জমে ছিল। বাতাসে সংযোগস্থলে তার ঢিলে হয়ে যাওয়ায় সাইফুর রহমান তা ঠিক করতে যান। এ সময় হাত থেকে তার পানিতে পড়ে যায়। এতে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

জয়মনিরহাট ইউপির চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, একসঙ্গে একই পরিবারের তিন সদস্যকে হারিয়ে হতদরিদ্র পরিবারটির অপূরণীয় ক্ষতি হলো। ভূরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, বুধবার রাত ১০টার দিকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।