বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান (৩৫) নামে এক স্থানীয় ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা দুইটায় উপজেলার খানাসানা বাজার জিয়া কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

আমিনুরের বাড়ি উপজেলার হারাগাছ নাজিরদহ নাইয়ার চাওড়া গ্রামে। 

পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাউনিয়া জোনাল কার্যালয়ের জি এম সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পঞ্চগড়ের গরিনাবাড়ী ইউপি

ধানের শীষ প্রতীক বর্জনের ঘোষণা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ীতে বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষ প্রতীক বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডলের বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা-কর্মী বলেন, তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে টাকার বিনিময়ে জাতীয় পার্টির একজনকে গরিনাবাড়ী ইউপিতে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে গরিনাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী আনছারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, প্রচার সম্পাদক মো. আবদুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মকসেদুর রহমান, ছাত্রদল সভাপতি আবু হানিফ, কৃষক দলের নেতা মনোয়ার হোসেনসহ ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম মণ্ডল বলেন, ‘আমরা বর্তমান প্রতিকূল পরিবেশে দীর্ঘ সাত বছর ধরে নানাভাবে বিএনপিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। পঞ্চম দফার ইউপি নির্বাচনে আমাদের বেশ প্রস্তুতি ছিল। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সভাপতি আইয়ুব আলী আনছারী ও উপজেলা কৃষক দলের নেতা মনোয়ার হোসেনের নাম চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য প্রস্তাব করেছি। তাঁদের একজনকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিলে আমরা জয়লাভ করতাম। কিন্তু জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে জাতীয় পার্টির একজনকে ধানের শীষ প্রতীক বরাদ্দের ব্যবস্থা করেছেন।’ মনোয়ার হোসেন বলেন, ‘নেতা-কর্মীদের চাপে বাধ্য হয়ে আমাকে স্বতন্ত্র প্রার্থী হতে হচ্ছে। আমরা দুজন দলীয় মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমাদের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।’

আইয়ুব আলী আনছারী বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন না করে প্রার্থী দেওয়া হয়েছে। তাই আমরা ধানের শীষ প্রতীক বর্জন করলাম।’

এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলতামাশ হোসাইনকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। আলতামাশ হোসাইন বলেন, ‘আমি জেলা বিএনপির সদস্য। আমার বাবা সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন।’

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ‘আলতামাশ হোসাইন জেলা বিএনপির সদস্য। তাঁর বাবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়ার অভিযোগ মিথ্যা।’

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘আমরা জনপ্রিয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছি। টাকার বিনিময়ে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। ভোটের পর এর প্রমাণ পাওয়া যাবে।’ 

ভূতের আতঙ্কে শিক্ষার্থীশূন্য বিদ্যালয় আতঙ্ক কাটাতে সভা

দিনাজপুরের বিরল উপজেলায় সিঙ্গুল হামিদ-হামিদা উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হওয়ায় ভূত–আতঙ্ক বিরাজ করছে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। এতে বিদ্যালয়টি শিক্ষার্থীশূন্য হয়ে পড়েছে।

এদিকে ‘ভূত’ আতঙ্ক কাটাতে গতকাল শনিবার সকালে বিদ্যালয় মাঠে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান করেছে উপজেলা প্রশাসন।

ওই বিদ্যালয় ও কয়েকজন অভিভাবক সূত্রে জানা গেছে, গত ৬ থেকে ২৩ এপ্রিল বিদ্যালয়ে পাঠদান করার সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোনিয়া, তমালিকা, দেবিকা, রেজওয়ানা পারভীন রানী, উর্মি খাতুন, দশম শ্রেণির সাথী রানী রায়, অষ্টম শ্রেণির মুনমুন আকতারসহ ১৪ জন শিক্ষার্থী শ্রেণিকক্ষেই অসুস্থ হয়ে পড়ে। পরপর কয়েক দিন এমন ঘটনায় সবার মুখে মুখে ভূত আছর করেছে বলে মন্তব্য শুরু হয়। ফলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গোটা এলাকায় ভূত–আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে বিদ্যালয়টি আস্তে আস্তে শিক্ষার্থীশূন্য হয়ে পড়ে।

প্রধান শিক্ষক নীরেন্দ্র কুমার দাস বলেন, তাঁর বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৬৩৪ জন। শিক্ষার্থীরা বিদ্যালয়ে অসুস্থ হয়ে যাওয়ার সময় কুঁকড়ে আসছিল। এতে করেই সবার মধ্যে ভূত–আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিরল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুর রহমান বলেন, ভূত বা অন্য কোনো কিছু নয়। এ ধরনের রোগকে গণমনস্তাত্ত্বিক (মানসিক) অসুস্থতা বলা হয়। মনোবল বৃদ্ধিসহ নিজেকে সচেতন করার মাধ্যমে এ থেকে পরিত্রাণ সম্ভব। ইউএনও আবদুল্লাহ আল খায়রুম বলেন, মূলত অভিভাবকদের মাধ্যমে কুসংস্কারের প্রবণতার কারণে ভূত–আতঙ্ক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত শ্রেণিকক্ষে ফ্যান না থাকায় প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। কাল সোমবার থেকে প্রতিটি শ্রেণিকক্ষে ফ্যান লাগানো হবে। সেই সঙ্গে ওই দিন থেকে মর্নিং শিফটে স্কুল চালু করার সিদ্ধান্ত হয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত, শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ্, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মির্জা মহিদুর আলম প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বিদ্যালয়ে এ ধরনের বালাই থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক।

ইউপি সদস্য পদে লড়াই করছেন প্রতিবন্ধী জান্নাতুল

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রতিবন্ধী জান্নাতুল মওলা ওরফে রাসেল মিয়া (৩৮)। ওই ওয়ার্ডে আরও ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ দফায় ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিবন্ধী জান্নাতুল মওলার পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুর ইউনিয়নের চকগোবিন্দপুর গ্রামে তাঁর বাড়ি। জন্মের পাঁচ বছর পর পোলিও রোগে আক্রান্ত হন জান্নাতুল মওলা। তখন থেকে তাঁর বাঁ পা পঙ্গু ও ডান পাও শুকিয়ে গেছে। ক্রাচ ছাড়া তিনি চলাফেরা করতে পারেন না। তিনি এলাকার উন্নয়ন করতে নির্বাচনে অংশ নিয়েছেন।

ভোগডাবুরী ইউপি নির্বাচনেমিলেমিশে আচরণবিধি লঙ্ঘন

নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের ছয় প্রার্থী মিলেমিশে আচরণবিধি লঙ্ঘন করছেন। তাঁরা আচরণবিধির তোয়াক্কা না করে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

ওই উপজেলায় চতুর্থ দফায় ৭ মে নির্বাচন হবে।

গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চিলাহাটি বাজারে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে মিছিল বের হতে দেখা যায়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নের বিওপি বাজারে দেখা গেল কয়েকজন প্রার্থীর মিছিল-শোডাউন। সেখানে দুজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পৃথক পথসভা ও কয়েকজন ওয়ার্ড সদস্য প্রার্থীর পক্ষে পথসভা হতে দেখা যায়। রাত সাড়ে আটটার দিকে আলেয়ার বাজার এলাকায় দেখা যায়, ওয়ার্ড সদস্যপদে রিকশাভ্যান প্রতীকের প্রার্থীর সমর্থকেরা ৩০-৩৫টি রিকশাভ্যান নিয়ে মিছিল করেন।

রাত নয়টার দিকে গোসাইগঞ্জ বাজারে নৌকা প্রতীকের প্রার্থী মুরাদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বাজার অতিক্রম করে। সেখানে পথসভাও করেন তিনি। সোয়া নয়টার দিকে সেখানে স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থীর পক্ষে মাইকে প্রচার করা হয়, ‘এখনই আনারস মার্কার পথসভা শুরু হবে।’ রাত ১০টা পর্যন্ত চলে ওই পথসভা।

রাত একটা পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় একাধিক মোটরসাইকেলে ও রিকশাভ্যানে বিভিন্ন প্রতীকের পক্ষে স্লোগান দিতে শোনা যায়। এভাবে আচরণবিধি লঙ্ঘন করে প্রচার-প্রচারণা চললেও কোনো প্রার্থীর বিরুদ্ধে কেউ অভিযোগ করেননি।  

কয়েকজন প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি অস্বীকার না করে বলেন, ‘আমাদের সমর্থকেরা প্রচারণা চালিয়ে অথবা পথসভা করে ঘরে ফেরার পথে স্লোগান দেন, এটি না করার ব্যাপারে কর্মী-সমর্থকদের বলা হচ্ছে। এ ছাড়া দেয়ালে, গাছে, পিলারে লাগানো পোস্টার অপসারণ করা হয়েছে। এর ফাঁকে দু-একটি কোথাও থাকলে থাকতে পারে।’

তবে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী একরামুল হক, বিএনপির প্রার্থী রেয়াজুল ইসলাম ও অপর স্বতন্ত্র প্রার্থী মতিয়ার রহমান আওয়ামী লীগের প্রার্থী মুরাদ আলী প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর লোকজন বলছেন, তাঁরা একটি ভোট পেলেও নাকি চেয়ারম্যান হবেন। তাঁরা আমাদের ভোটার-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করছেন।’ এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী মুরাদ আলী প্রামাণিক বলেন, ‘একটি ভোট পেলেও যদি চেয়ারম্যান হতাম, তা হলে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি কেন?’

পোস্টার পোড়ানোরঅভিযোগ আ.লীগের

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে বিএনপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আসবাব ভাঙচুর ও নৌকার পোস্টার পোড়ানোর অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান মণ্ডল। গতকাল শনিবার ইউনিয়নের বড় জামালপুর বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) চতুর্থ দফায়৭ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে নুরুজ্জামান মণ্ডল বলেন, ‘জামালপুর ইউনিয়নের লোকজনকে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়ক ধরে উপজেলা শহরে যেতে হয়। এই সড়কসংলগ্ন তরফবাজিত গ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। এ কারণে তিনি হুমকি দিচ্ছেন, যাঁরা নৌকা প্রতীকে ভোট দেবেন, তাঁদের সাদুল্যাপুর শহরে ঢুকতে দেওয়া হবে না। ফলে আমার সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

নুরুজ্জামান মণ্ডল আরও বলেন, ‘আমি এলাকায় জনসমর্থনে এগিয়ে আছি। আমার জয়ের সম্ভাবনায় ঈর্ষান্বিত হয়ে রেজাউল নৌকার সমর্থক ও কর্মীদের মারধর, নির্বাচনী কাজে বাধা দিচ্ছেন। রেজাউলের মদদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম ও তাঁর সমর্থকেরা গত শুক্রবার রাতে বুজরুক রসুলপুর বাজারে স্থাপিত আমার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর, নৌকার পোস্টার ও ব্যানার পুড়িয়ে ফেলেন। ঘটনাটি প্রশাসনকে জানালে   (ইউএনও —ভারপ্রাপ্ত) আবু রায়হান ও থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস ঘটনাস্থল পরিদর্শন করেন।’  

রেজাউল করিম মুঠোফোনে বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর সব অভিযোগ মিথ্যা। উল্টো আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমার কর্মীদের হুমকি দিচ্ছেন। তিনি নির্বাচনে ফায়দা লুটে নেওয়ার জন্যই এসব অপপ্রচার চালাচ্ছেন।’ একই বিষয়ে নুরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমাকে ফাঁসানোর জন্য সরকারি দলের সমর্থকেরাই এ ঘটনা ঘটিয়েছেন।’

শহর পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে মেয়র

পঞ্চগড় শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌরসভা এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। পঞ্চগড় পৌরসভার মেয়র, কাউন্সিলর, পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা গতকাল শনিবার ঝাড়ু হাতে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামেন।

পৌরসভা ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল সকালে শহরের শেরেবাংলা পার্ক থেকে শুরু করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত ওই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় মহাসড়কের আশপাশের বাড়ি-ঘর, অফিস-আদালত পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। মেয়র, কাউন্সিলর, নারী কাউন্সিলররা হলুদ অ্যাপ্রোন পরে ঝাড়ু হাতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। পেছনে ছিল পৌরসভার ট্রাক। সঙ্গে ছিল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেওয়া ব্যক্তিদের হাতে ছিল ফেস্টুন। ফেস্টুনে ছিল ‘আবর্জনা ফেলনা নয়’, ‘প্রক্রিয়া করলে সার হয়’, ‘আবর্জনা সংগ্রহ-অপসারণে পৌরসভার সহায়তা নিন’, ‘নির্দিষ্ট স্থানে বা ডাস্টবিনে ময়লা-আবর্জনা ফেলুন’, ‘এই শহর আপনার তাই পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আপনার’—এমন স্লোগান।

ব্যবসায়ী নাসিরুল কাদের বলেন, পৌরসভার এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। ইসলামবাগ এলাকার আবদুল্লাহ আল মামুন বলেন, পৌরসভার যেমন কর্তব্য আছে, তেমনি নাগরিকদেরও দায়িত্ব আছে। পৌরসভা তাদের দায়িত্ব পালন করছে, নাগরিকদেরও কর্তব্য পালন করতে হবে। 

পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ও পৌরবাসীকে সচেতন করতে এমন কর্মসূচি নেওয়া হয়েছে। এখন থেকে প্রতি মাসে এক দিন এমন কর্মসূচি পরিচালনা করা হবে।

সৈয়দপুরে এক দিনে ডায়রিয়া–আক্রান্ত ৩০ জন হাসপাতালে

প্রচণ্ড দাবদাহে বাড়ছে ডায়রিয়া, আমাশয়সহ নানা পানিবাহিত রোগ। নীলফামারীর সৈয়দপুরে গতকাল শনিবার ৩০ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে সামান্য মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়ছে। গরমে ডাব, শসা, তরমুজ প্রভৃতি বিক্রি বেড়েছে ও শরবতের দোকানে তৃষ্ণার্ত মানুষের ভিড় লেগেই আছে।

ওই হাসপাতালে গতকাল এক দিনে ৩০ জন ডায়রিয়া রোগী ভর্তি হওয়ায় হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না। ফলে অনেক রোগীকে মেঝেতে ঠাঁই নিতে হচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত রিমা, শিপন, লাভলী বলেন, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাঁরা ভর্তি হয়েছেন।

বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রংপুরের কাউনিয়া উপজেলায় পল্লী বিদ্যুতের সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমিনুর রহমান (৩৫) নামে এক স্থানীয় ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা দুইটায় উপজেলার খানাসানা বাজার জিয়া কলোনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আমিনুরের বাড়ি উপজেলার হারাগাছ নাজিরদহ নাইয়ার চাওড়া গ্রামে।

পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাউনিয়া জোনাল কার্যালয়ের জি এম সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।