বিদ্যুৎস্পৃষ্টে কিশোরসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ধুনট উপজেলার রাজারামপুরা গ্রামের জালাল উদ্দিন (৫০) নামের এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়। গত মঙ্গলবার রাত আটটার দিকে ব্রহ্মগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ব্রহ্মগাছা বাজারে কাঁচা তরকারি কিনছিলেন। একপর্যায়ে দোকানের ওপর ঝোলানো বিদ্যুতের তার ছিঁড়ে তাঁর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই জালালের মৃত্যু হয়।
স্থানীয় গোপালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাফিজার রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে দুপচাঁচিয়ায় মৃত্যু হয়েছে রুস্তম আলী (১৭) নামের এক কিশোরের। সে উপজেলার বনতেঁতুলিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
রুস্তম উপজেলার চৌমুহনী বাজারে একটি বস্তার দোকানে সেলাইয়ের কাজ করত। মঙ্গলবার রাতে বৈদ্যুতিক বাতি লাগানোর সময় বিদ্যুতের তারে সে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।