বিদ্যুৎস্পৃষ্টে চেয়ারম্যানসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান খান (৬০) গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। গত বুধবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক সোহরাব হোসেন খান (৬৫) মারা গেছেন।
হাবিবুর রহমান বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। দুধল ইউনিয়ন পরিষদের সচিব ইউনুস খান বলেন, ইউনিয়নের কবিরাজ গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান গতকাল সকালে বাড়িসংলগ্ন মাছের ঘেরে যান। সেখানে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান এর আগে দুবার হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। গতকাল বিদ্যুতায়িত হয়ে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
পিরোজপুরের মঠবাড়িয়া পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে সোহরাব হোসেন ছোট শৌলার বাড়ি থেকে বাঁশবুনিয়া গ্রামে তাঁর বাগানবাড়িতে যান। বাগানের পেয়ারাগাছ থেকে ফল পাড়ার সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এরপর বিদ্যুতায়িত হয়ে পাশের পুকুরে পড়ে মারা যান। গতকাল সকালে স্থানীয় লোকজন পুকুরে তাঁর লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।