বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে একটি ডেন্টাল ক্লিনিকে সাইনবোর্ড টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত শ্রমিকেরা হলেন নওগাঁ জেলার পোরসা উপজেলার সাতিয়া গ্রামের সাঈদুর রহমান (২৭), গাইবান্ধার ফুলছড়ি উপজেলার শাহ আলম (২৬) ও মনির হোসেন (২৬)। এ ঘটনায় ওই ক্লিনিকের মালিক ও তাঁর ভাইকে পুলিশ আটক করেছে।

আমিনবাজারের আবদুল আলী মার্কেটের নির্মাণাধীন তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত রশিদ ডেন্টাল সার্জারি ক্লিনিকটির মালিক ঢাকা ডেন্টাল কলেজের সার্জন মামুনুর রশিদ।

সাভার মডেল থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভবনের দ্বিতীয় তলার ছাদে প্রতিষ্ঠানের সাইনবোর্ড টাঙানোর জন্য মালিক মামুনুর রশিদ আজ মঙ্গলবার ১০ জন শ্রমিক নিয়োগ করেন। সকাল সাতটার দিকে শ্রমিক সাঈদুর, শাহ আলম ও মনির দ্বিতীয় তলার ছাদে দাঁড়িয়ে পরিত্যক্ত বিদ্যুতের তারের সাহায্যে সাইনবোর্ডটি টেনে ওপরে তুলছিলেন। অন্য শ্রমিকেরা নিচে থেকে তাঁদের সহায়তা করছিলেন। একপর্যায়ে ভবনের ছাদ ছুঁয়ে যাওয়া বিদ্যুতের লাইনের সঙ্গে সাইনবোর্ডের ঘর্ষণে সাইনবোর্ডটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় সাইনবোর্ডের সঙ্গে বাঁধা তারের সংস্পর্শে থাকা সাঈদুর, শাহ আলম ও মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এ সময় পুলিশ ক্লিনিকের মালিক মামুনুর রশিদ ও তাঁর ছোট ভাই তৈমুর রশিদকে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর আমিনবাজার পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. বাছেদ নিহত ব্যক্তিদের স্বজন ও ক্লিনিকের মালিককে নিয়ে থানায় সমঝোতা বৈঠকে বসেন। ওই বৈঠকে ক্লিনিকের পক্ষ থেকে প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ৪০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠক চলাকালে মামলা না করে সমঝোতার উদ্যোগ নেওয়ার বিষয়ে জানতে চাইলে এসআই বাছেদ হঠাৎ খেপে উঠে সেখান থেকে চলে যান।

বিষয়টি সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামানকে জানানো হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘থানায় মীমাংসার কোনো সুযোগ নেই, মীমাংসা হলে আদালতে হবে। এরপরেও কোনো অভিযোগ পেলে বিষয়টি বিবেচনা করা হবে।’

এ বিষয়ে ক্লিনিকের মালিক মামুনুর রশিদ বলেন, ‘এসআই বাছেদের মাধ্যমে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সঙ্গে সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী প্রত্যেক পরিবারকে ৪০ হাজার টাকা দিতে হবে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মতির অপেক্ষায় আমার ভাই ও আমাকে এখনো আটক রাখা হয়েছে। কর্তৃপক্ষের সম্মতি না পেলে আমাদের বিরুদ্ধে মামলা হতে পারে।’

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আবদুল আলী মার্কেটের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে মাত্র ২০ গজ দূরেই পল্লী বিদ্যুতের পিলার (খুঁটি)। ওই পিলার থেকে নির্মাণাধীন ওই ভবনসহ আশপাশের বিভিন্ন ভবনে অসংখ্য সংযোগ দেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদ ছুঁয়ে কেব্‌ল লাইন ও পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনসহ আরও অনেক বিদ্যুতের লাইন এলোমেলোভাবে জড়ানো অবস্থায় দেখা যায়। এসব লাইনের যেকোনো একটির সংস্পর্শেই সাইনবোর্ডটি বিদ্যুতায়িত হয় বলে জানান স্থানীয় লোকজন।

ঘটনার পরপরই ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সৈয়দ ওয়াহিদুল ইসলাম এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, ‘পল্লী বিদ্যুতের লাইন বা সার্ভিস তারের কারণে এ দুর্ঘটনা ঘটেনি। যে তার দিয়ে মিটার থেকে ক্লিনিকে লাইন নেওয়া হয়েছে, ওই তার থেকেই দুর্ঘটনা ঘটেছে।’ মনিরুল ইসলাম বলেন, সম্ভবত বিপণিবিতানের বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়েই এ দুর্ঘটনা ঘটেছে। তারপরও বিষয়টি নিশ্চিত হতে খতিয়ে দেখা হচ্ছে।