বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার মধুপুর গ্রামে আজ শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত দুই শ্রমিক হলেন সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের মধুপুর গ্রামের নব কুমার বর্মণ (২৬) ও রাজাগাঁও ইউনিয়নের আজরায়পুর গ্রামের সুব্রত কুমার বর্মণ (২৮)।

রুহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক জানান, নির্মাণশ্রমিকের একটি দল আজ শুক্রবার মধুপুর গ্রামের একরামুল হকের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন। একপর্যায়ে বেলা দুইটার দিকে নব কুমার পাশের টিনের চালা দিয়ে নিচে নামতে যায়। সে সময় তাঁর হাতে পানির পাম্পের মোটরের তার জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। এ ঘটনা সুব্রত কুমারের নজরে এলে তিনি নব কুমারকে বাঁচাতে এগিয়ে যান। সে সময় সুব্রত কুমারও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।