বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া সদর উপজেলার গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, বাহারন নেছা (৬৫) ও তাঁর ছোট বোন সিবারন নেছা (৬০) কয়েক দিন আগে গোয়ালবাড়ি গ্রামে অসুস্থ ভাই বেলাল হোসেনকে দেখতে আসেন।
গতকাল বেলা তিনটার দিকে বাহারন বেলাল হোসেনের বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরে সংযোগ দেওয়া টিউবওয়েলে পানি তুলে গোসল করতে যান। অসাবধানতাবশত বৈদ্যুতিক লাইনে হাত পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এ সময় সিবারন তাঁকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক।