বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু
চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন আপন দুই ভাই। গতকাল রোববার সকালে যশোরের মনিরামপুর উপজেলার দাদাড়িয়া গ্রামে এ ঘটনায় এক গৃহবধূসহ দুজন আহত হয়েছেন।
মারা যাওয়া দুই ভাই হলেন ওই গ্রামের আবদুল আজিজের ছেলে মিলন (৩২) ও সুমন (২৩)। এ ঘটনায় আহত হয়েছেন শিমুল (৯) ও ফাতেমা (৩২)। তাঁরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।
মনিরামপুর থানার ওসি মোল্লা খবির আহমেদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে দোদাড়িয়া গ্রামে সরদার ব্রিকস নামে একটি ইটভাটার বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে পুকুরে পড়ে। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় শিমুল পুকুরের পানিতে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
ওসি জানান, চাচাতো ভাই শিমুলকে বাঁচাতে আসেন মিলন, সুমন ও তাঁদের চাচি ফাতেমা। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে মারা যান মিলন। গুরুতর আহত সুমন, শিমুল ও ফাতেমাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমনের মৃত্যু হয়। ইটভাটার ব্যবস্থাপক রুহুল আমিন জানান, ভাটায় নেওয়া বিদ্যুৎ লাইনের তার কোনো কারণে ছিঁড়ে পুকুরে পড়ে ছিল। এতে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।