বিদ্যুৎস্পৃষ্টে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনির হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিনজন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দীন নগর এলাকার কালু মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মনির হোসেন উপজেলার ভাগজোত গ্রামের আফসার মণ্ডলের ছেলে। কুমারখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় আলাউদ্দীন নগর এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার টানিয়ে নতুন সংযোগ দেওয়ার কাজ চলছে। গতকাল শুক্রবার সকালে ২০ থেকে ২৫ জন শ্রমিক বিভিন্ন স্থানে সংযোগ দিচ্ছিলেন। কালু মোড়ে কাজ করার সময় চারজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। পল্লী বিদ্যুৎ সমিতি কুমারখালী আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুল হালিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।