বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাসহ দুই শিশুর
লালমনিরহাটের কালীগঞ্জের উত্তর দলগ্রামে আজ শনিবার সকালে পিডিবির ঝোলানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক বাকপ্রতিবন্ধী মাসহ তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন: উত্তর দলগ্রামের ভ্যানচালক আবদুল গফুরের বাকপ্রতিবন্ধী স্ত্রী পারুল আক্তার (৩৪), তাঁর দুই সন্তান রানা মিয়া (১০) ও ঋতু মণি (৩)।
এ ব্যাপারে নিহত গৃহবধূর স্বামী আবদুল গফুর বাদী হয়ে আজ শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় একই গ্রামের মৃত আজিম উদদীনের ছেলে গোলাম মোস্তফা ওরফে বাবলু মিয়ার বিরুদ্ধে মামলা করেছেন।
কালীগঞ্জ থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উত্তর দলগ্রামের গোলাম মোস্তফা ওরফে বাবলু মিয়ার বাড়ি ও সেচ কাজের জন্য বাঁশের খুঁটিতে লাগানো বৈদ্যুতিক তার কয়েক দিন আগে ঝুলে পড়ে ঘটনাস্থলের নিচু জমির পানির সংস্পর্শে আসে। কিন্তু বাবলু মিয়া ওই বৈদ্যুতিক তার পুনরায় বাঁশের খুঁটিতে তুলে দেননি। এ অবস্থায় আজ শনিবার বেলা ১১টার দিকে পানি জমে থাকা ওই নিচু জমিতে রানা মিয়া তার বন্ধু সোহেলসহ মাছ ধরতে যায়। পানির সংস্পর্শে আসা মাত্রই রানা মিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ অবস্থা দেখে সোহেল দ্রুত রানার মা পারুল আক্তারকে ঘটনাটি জানালে তিনি ছোট মেয়ে ঋতু মণিকে কোলে নিয়ে রানাকে উদ্ধারের জন্য পানিতে নামা মাত্রই তাঁরাও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা ঘটনাটি কালীগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে মুঠোফোনে জানালে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে এলাকাবাসী লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের সদস্যদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত না করেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে গোলাম মোস্তফা পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।