বিদ্যুৎস্পৃষ্টে বাক্প্রতিবন্ধী মাসহ দুই সন্তানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে কালীগঞ্জের উত্তর দলগ্রামে গতকাল শনিবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বাক্প্রতিবন্ধী মা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তিনজন হলো উত্তর দলগ্রামের ভ্যানচালক আবদুল গফুরের বাক্প্রতিবন্ধী স্ত্রী পারুল আক্তার (৩৪), তাঁদের সন্তান রানা মিয়া (১০) ও ঋতু মনি (৩)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও কালীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর দলগ্রামের গোলাম মোস্তফা ওরফে বাবলু মিয়া বাঁশের খুঁটির সাথে বিদ্যুতের তার লাগিয়ে বাসাবাড়ি ও সেচ কাজের জন্য বিদ্যুৎ নেন। ওই বৈদ্যুতিক তার কয়েক দিন আগে ঘটনাস্থলের নিচু জমির পানির সংস্পর্শে আসে। গতকাল বেলা ১১টার দিকে ওই নিচু জমিতে রানা মিয়া তার বন্ধু সোহেলসহ মাছ মারতে যায়। ওই জমির পানিতে নামামাত্রই রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়। বন্ধুর এ অবস্থা দেখে সোহেল দ্রুত রানার বাক্প্রতিবন্ধী মা পারুল আক্তারকে বিষয়টি জানায়। এরপর পারুল তাঁর ছোট মেয়ে ঋতু মনিকে কোলে নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। তিনি রানাকে উদ্ধারের জন্য ওই জমির পানিতে নামামাত্র তিনিও ঋতু মনিসহ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই ওই তিনজনের মৃত্যু হয়। স্থানীয় লোকাজন দ্রুত কালীগঞ্জ পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগকে মুঠোফোনে বিষয়টি জানান। খবর পেয়ে পিডিবি ওই এলাকার বিদ্যুৎ লাইনের সরবরাহ বন্ধ করে দেয়। এ ঘটনায় ভ্যানচালক আবদুল গফুর বাদী হয়ে গতকাল দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন।