বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মেয়েসহ চারজনের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের উত্তর রাউৎগাঁও গ্রামে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া জুড়ীর রাজকি চা-বাগানে গত বুধবার অবৈধ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিল বলেন, গতকাল সকাল ১০টার দিকে রেফ্রিজারেটর পরিষ্কার করার সময় পেছনের ছেঁড়া তারে জড়িয়ে পড়েন উত্তর রাউৎগাঁও গ্রামের রিপা বেগম (২০)। একপর্যায়ে তাঁকে রক্ষা করতে তাঁর বাবা শফিক মিয়া (৬০) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
জুড়ী থানার পুলিশ ও ওই দুই শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, রাজকি চা-বাগানের গড়লাইনের বাসিন্দা সিদ্ধান্ত বুনারজি (৩৫) বুধবার সন্ধ্যা সাতটার দিকে পাশের বিদ্যুৎ লাইন থেকে বাড়িতে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা চালান। এ সময় তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাঁকে রক্ষা করতে প্রতিবেশী শেফালী ভর (২২) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আশপাশের লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করেন। পরে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁরা মারা যান।
রাজকি চা-বাগানের উপব্যবস্থাপক সালেক মাহমুদ গতকাল বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে বলেন, বাগানের নিজস্ব জেনারেটর থেকে টানানো লাইন দিয়ে স্টাফ কোয়ার্টার ও কারখানায় বিদ্যুৎ-সংযোগ দেওয়া আছে। কিছু শ্রমিক লুকিয়ে এ লাইনে হুক লাগিয়ে অবৈধভাবে সংযোগ নেন। এ রকম সংযোগ নিতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী জানান, এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই দুজনের লাশ বুধবার রাতেই মৌলভীবাজারের ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়।