বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
নাটোরের হালতি বিলে নৌকাভ্রমণে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ১০ ছাত্র ও ৫ ছাত্রী গতকাল বেলা ১১টায় নাটোর সদর উপজেলার পাটুল এলাকায় হালতি বিলে নৌকাভ্রমণে আসেন। বেলা পৌনে ১২টার দিকে তাঁরা নৌকার ছাউনিতে ওঠার একপর্যায়ে তিন ছাত্রছাত্রী বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের উদ্দেশে রওনা করেন। পথে জাহিদুল ইসলাম (২২) নামের এক ছাত্রের মৃত্যু হয়। জাহিদুলের বাড়ি পাবনার সুজানগর উপজেলায়।
এ ঘটনায় হন আহত বৈশাখী খাতুন (২২) ও রিপন আলী (২১)। বৈশাখী নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপাতিল এলাকার মেয়ে। রিপন তাঁর পরিচয় জানাতে অপারগতা জানিয়েছেন। তাঁদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপন জানান, তাঁরা বাড়িতে না জানিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেড়াতে আসেন। নৌকা চলার সময় পানির কিছু ওপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে তাঁরা জড়িয়ে যান।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক বেলাল হোসেন জানান, হালতি বিল এলাকায় দর্শনার্থীদের সতর্কতার জন্য বিদ্যুতের খুঁটির সঙ্গে তাঁরা আগেই লালপতাকা ঝুলিয়ে দিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা তা খেয়াল না করে নৌকার ছাউনির ওপর উঠে হাত উঁচু করে মুঠোফোনে সেলফি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ ক্ষেত্রে তাঁদের কোনো অবহেলা ছিল না। এ ঘটনার পর তাঁরা পাটুল নৌঘাটে সতর্কতামূলক নোটিশ বোর্ড ঝুলিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর লাশ নাটোর সদর হাসপাতালে রয়েছে।