বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগ​েঞ্জর বন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহ​ানির ঘটনায় এক স্বজনের আহাজারি l ছবি: প্রথম আলো
নারায়ণগ​েঞ্জর বন্দর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহ​ানির ঘটনায় এক স্বজনের আহাজারি l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদীর চর ধলেশ্বরী নদীর শাখা খালে গতকাল মঙ্গলবার গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের বন্দর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) পাঁচজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন বন্দর উপজেলার শুভকরদী এলাকার সেন্টু ঘোষের স্ত্রী তৃষ্ণা রানী ঘোষ (৩০), তাঁর মেয়ে শায়ন্তিকা রানী ঘোষ (৫) ও এলাকার কেতাব উদ্দিনের ছেলে মাসুদ (৩৩)।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শুভকরদী এলাকায় চর ধলেশ্বরী নদীর শাখা খালে গোসল করতে যান তৃষ্ণা রানী ও তাঁর মেয়েসহ কয়েকজন। এ সময় খালসংলগ্ন বিদ্যুতের খুঁটিতে সঞ্চালন লাইনের তার মেরামত করছিলেন বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন। কাজ শেষে পল্লী বিদ্যুতের লোকজন বিদ্যুৎ চালু করলে একটি তার ছিঁড়ে খালে পড়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তৃষ্ণা রানী, তাঁর মেয়ে শায়ন্তিকা ও মাসুদের মৃত্যু হয়। এ সময় গোসল করতে আসা বন্দর কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও তৃষ্ণা রানী ঘোষের জা ববিতা রানী ঘোষও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত পালিয়ে যান পল্লী বিদ্যুতের লোকজন। খবর পেয়ে এলাকার লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনের বিরুদ্ধে দায়িত্ব ও কর্তব্যে অবহেলার অভিযোগ করেন নিহত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী।

ববিতা রানী বলেন, তাঁরা বেলা সাড়ে ১১টার দিকে চর ধলেশ্বরী নদীর শাখা খালে গোসল করতে গেলে ওপর থেকে অগ্নিস্ফুলিঙ্গ পড়লে সবাই বিদ্যুতায়িত হন। শায়ন্তিকা রানীকে পানি টেনে নিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে তার মায়ের মৃত্যু হয়। পানিতে গোসল করতে থাকা মাসুদও মারা যান। তিনিসহ আরও কয়েকজন আহত হন। সূর্য নামের সাত মাসের এক ছেলেও আছে তৃষ্ণা রানীর। সূর্যকে এখন কে লালনপালন করবে। কে তাকে দেখবে। মায়ের বুকের দুধ ছাড়া কীভাবে বাঁচবে সে। মায়ের আদর ছাড়া কীভাবে বেড়ে উঠবে সে।

মাসুদের আত্মীয় মনির হোসেন বলেন, ‘পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের অবহেলার জন্য এ ঘটনা ঘটেছে। আমরা তাঁদের বিচার চাই।’

এদিকে ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, বন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন আরা বেগম বিনা প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন। জেলা প্রশাসক বলেন, বেলা তিনটার দিকে দায়িত্বে অবহেলার অভিযোগে পল্লী বিদ্যুতের বন্দর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম জাকির হোসেন, এজিএম আবদুস সালাম, প্রকৌশলী মমিনুর রহমান, লাইনম্যান নুরুল ইসলাম ও হোসেন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।